তাহলে কি আমি!

সবাই কত লাইভে আসছে, কত কবিতা পড়ছে।
কত বই সম্পর্কে বলছে ভালো মন্দ।
আমার মাথায় কিন্তু কিছুই ঢুকছে না।
হ্যাঁ আমি শুনছিলাম।
কিন্তু তখন যেন মাথার ভেতর তুমি ঢুকে গেলে।
কে তুমি?
চিত্রলেখা? কই তুমিতো নও।
কেমন যেন আবছা আবছা আলোছায়া -
একটা মেঘ যেন ঢেকে আছে তোমাকে।
কেন? ঢেকে আছে কেন?
নীল নীল আকাশ তার উপর কালোছায়া মেঘ।
একটা কাক উড়ে গেল মনে হয়।
না তাতো নয়, চিল - কিন্তু চিল কেন?
মরা মানুষের গন্ধ পেয়েছে বোধ হয়।
কে মরল? এখানে তো সব জীবিত।
কি ! শব জীবিত?
না না এই যে সব তুমি মেঘ পাখি আকাশ -
তাহলে?
জলের ওপর নৌকাটা ভাসছে,
পাল তোলা। বাতাস তাতে বন্দী করে নৌকাটাকে টানছে।
কোন লোক দেখছি না কেন?
মাথার ওপর মেঘেরা হাসছে।
সন্ধ্যা বেলা -
না না সন্ধ্যার একটু আগে, নীলাকাশটা যখন লাল হয়ে গেল তখন।
কারা যেন ছায়া ছায়া নৌকার ওপরে।
আমি নিজে কি ছিলাম? কই নাতো।
দেখছি নাতো।
সন্ধ্যার আকাশ এত বিষন্ন কেন? মেঘের ঘন ঘটা নেই। ঝড়ও ওঠেনি।
হালকা মেঘ, তবু বিষন্নতা। আমি ছায়া টাকে চিনি চিত্রলেখা।
তুমি এই নৌকায় কি করছ বলতো?
এত চিল উড়ছে কেন?
মরা মানুষের গন্ধ পেয়েছে বোধ হয়।
মরা মানুষ ! কই?
এইতো তুমি চিত্রলেখা লাইভ।
তবে কি আমি?

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত