পরিস্থিতি
প্রথম সর্গ ১ অন্ধকার হতে আজ, আলোর আকাশে। রামধনু উঠিয়াছে, মেঘ ধরে ভাসে। কাননে ফুটেছে ফুল, নানা রঙে হাসে। পাখি সব করে রব, বসন্তের মাসে। পলাশের বনে আজ, ঢেউ খেলে যায়। আগুনে ফাগুন মাস, রঙ পরিখায়। ২ দিন শেষে অন্ধকার, গভীর নিশায়। নির্মূল আকাশ চিরে, শশী ভেসে যায় । কাননের পাতা ছাদ, নাচে শশিকরে। পবন দোলায় তায় সুমধুর স্বরে ॥ নীচে তার অন্ধকারে, আছে ক্ষুদ্র নদী। অন্ধকার মহাস্তব্ধ, বহে নিরবধি ॥ ভীম তরুশাখা যথা পড়িয়াছে জলে, কল কল করি বারি সুরবে উছলে ॥ আঁধারে অস্পষ্ট দেখি, যেন বা স্বপন! কলিকাস্তবকময় ক্ষুদ্র তরুগণ ॥ শাখার বিচ্ছেদে কভু, শশধরকর, স্থানে স্থানে পড়িয়াছে, নীল জলোপর ॥ ঘোর স্তব্ধ নদীতটে; শুধু ক্ষণে ক্ষণে, কোন কীট যায় আসে নাড়া দিয়ে বনে ॥ শুধু অন্ধকার মাঝে, অলক্ষ্য শরীর! কোন হিংস্র পশু ছাড়ে, নিশ্বাস গভীর ॥