লাল লাল ফুল

লাল লাল ফুল
দেবপ্রসাদ জানা

লাল লাল ফুল ফুটছে একটা একটা করে।
উদ্দীপ্ত রক্ত থেকে জন্ম নিচ্ছে রাঙা গোলাপ, 
লাল লাল ফুল, তারা ফুটে উঠছে 
আর শুকিয়ে যাচ্ছে।
বিস্মৃত সমাধি গুলোর উপর পরিয়ে দিচ্ছে গৌরব-মুকুট।

পৃথিবীর সমুদ্রতটে বাতিঘরের দীপ্তির মতো, 
প্রকৃতির বেদীমূলে কোনো অজানা হাতের জ্বালানো শাশ্বত উৎসর্গ-শিখার মতো একদিন-
লালে লাল হবে ধরিত্রী।
নিদ্রিত মানুষ গুলোকে আকর্ষণ করছে-
আলোকের দিকে।
নিদ্রার পরে জাগরণ, 
বাস্তব নিষ্করুণ, স্বপ্ন আর মদিরতার স্বর্গসুখে, 
আসুক না আশাভঙ্গের তিক্ত স্বাদ।
সকালের মতন এক রক্তিম প্রত্যুষের উদয় হবে, 
বিষণ্ণ আকাশে।
ঝকমকে লাল সূর্য তার রশ্মির তরোয়ালে ফেড়ে ফেলবে পুঞ্জ মেঘ, কুয়াশার শবাচ্ছাদন।

Comments