প্রতিবাদ করেনি

প্রতিবাদ করেনি
দেবপ্রসাদ

কী না তুলকালাম করেই বৃষ্টি এসেছিল কাল 
ঘরের মধ্যে দাপাদাপি করেছিল
মেঘ, মেঘের গর্জন, বৃষ্টির শব্দ, 
ঝড়ের শব্দ, বজ্রপাত।
ঘুমোতে দেয়নি।
কোন এক অদৃশ্য শত্রু সারারাত ধরে -
পৃথিবীর বিদীর্ণ হাঁ-মুখ মাটি গ্রাস করেছে,
আদিম হিংস্রতায়। 
সোনালী ফসল ভয়ে-
নিরুদ্বিগ্ন ঝাঁপ দিয়েছে মরণের ফাঁদে।
কোনো প্রতিবাদ করেনি,
বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে গুটিয়ে নিয়েছে
নিজের সম্বিৎ।
প্রচণ্ড প্রসব যন্ত্রণায় যুগান্তের মোড়ে প্রসূতির -
এক-ফোঁটা রক্ত পতনের জন্য ভয়!
উল্লসিত সূর্যের দিকে এতদিন উত্তপ্ত থাম গুলো
রোষে চেয়েছিল মৃত্যু, উত্তাপের মৃত্যু।
সারা পৃথিবী পেতে দিয়েছিল দুই বর্ণময় হাত
সেই হাত একদিন গর্বে পৃথিবীর দীক্ষায় 
আত্মঘাতী হতে চেয়েছিল-
আজ কেন টালমাটাল ক্ষুধার্ত ভূমি?
জীবন, পৃথিবীর পূর্ণ চাঁদ।
এক উত্তাল সমুদ্র উপচে পড়েছে পৃথিবীর ওপর।
ভাসিয়ে ডুবিয়ে তচনচ করে ভাণ্ডারের ক্ষুধা,
সংহত শক্তির ওপর চুড়ান্ত বজ্রপাত।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা