থাক তবে আজ

থাক তবে আজ 
দেবপ্রসাদ জানা

থাক তবে আজ 
কাল না হয় পরশু দেখা হবে পথে
কিংবা গাছের তলায় স্কুলের মাঠে
তুমি বলবে সংসার -
সেটা তো আমি জানি 
প্রতিদিনের প্রতিশ্রুতি প্রতিদিনের ক্ষোভ
অপেক্ষায় অপেক্ষায় জীবন  
চিরকাল এভাবেই কথার খেলাপ হোক
ভারি মজা লাগে অপেক্ষায় থাকতে-
ময়দানে বা গড়ের মাঠে।
তুমি বলবে কাজে বড় ব্যস্ত
সে তো জানি আমি, তবূ মনে হয় বারবার 
মাটির মূর্তি নীরবে নিশ্চলভাবে 
ওই পথের দিকে -
জানো দাঁড়িয়ে থাকতে থাকতে 
অপেক্ষা করতে করতে একদিন
মোড়ের বট গাছটার সাথে বন্ধুত্ব হয়ে গেল।
ও শান্ত বাতাসে -
শীতল ছায়ায় - 
মন্দ লাগে না মোটেও
আজ কাল অপেক্ষায় থাকি তোমার জন্য,
তবে তোমার আসার পথ দেখি না
শান্ত বাতাস আর শীতল ছায়া 
আমাকে বসিয়ে রাখে
একদিন বড় উতপ্ত দিনে পুড়ে যাওয়ার জোগাড়।
হঠাৎ যেন বটের আহ্বানে বৃষ্টি, প্রাণ জুড়িয়ে দিলো।
আমি অভিযোগ করছি না, বলছি -
তোমার অবহেলার বিষ, আমাকে যখন দূর্বল করে
চলে যাই বটের তলায় নয়তো স্কুল মাঠে 
সবুজ ঘাসের ওপর শুয়ে আকাশ দেখি।
বাতাস বইছে নির্মল শান্তির বাতাস
আসলে কেউ বুঝতেই চায় না 
অপেক্ষারও মুল্য কম নয়, তাই অপেক্ষায় থাকি
একদিন তুমি আসবে এখানে স্কুল মাঠে নয়তো 
ওই বটের তলায়।
দিন বদলে যায়, সময় বদলে যায় 
ঝুড়ি ঝুড়ি কথা জমে যায় অন্তরে।
ভুলে যাই আমি অপেক্ষায় আছি 
হাতের ওপর একটা হাত, পাশের উষ্ণতা,
মিষ্টি আলাপ, আর তোমার দেওয়া অপেক্ষার 
বহু মুল্যবান রত্ন, সব যেন জীবনের একটা অংশ।
ঠিক আছে তুমি ব্যস্ত থাকো, 
তোমার সংসারের কাজের ফাঁকে -
একবার মনে করো, 
আজ নাই বা হলো দেখা কাল কিংবা পরশু
তোমার দামি জানালার ফাঁকে আমাকে দেখো।

Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল