এখনো মানুষ

 ।।এখনো মানুষ।।

দেবপ্রসাদ জানা 


এখনো মানুষ আক্রান্ত 

এখনো মানুষ বিভ্রান্ত।

এখনো এরা মিথ্যা বলে

তবুও দেখো সঙ্গে চলে।

আগুন এরা ভালোবাসে

এখনো এরা তাদের পাশে।

টাকা টাকা শুধু টাকা

ধর্ষিত হয়ে ফিরেছে একা।

গুলি গালা চলছে পথে

গ্রামখানি নেতার হাতে।

কেউ বলে নিষিদ্ধ পার্টি 

বোমা হাতে, তবুও খাঁটি।

নেতার পিছে চারটে গাড়ি

লোক ঢুকছে বাড়ি বাড়ি।

লোক তাড়িয়ে কারখানা

বোমা বন্ধুক হচ্ছে আনা।

লড়াই হবে নিশিরাতে

রক্ত পড়বে বাড়া ভাতে।

পদ্মা বিবির মুখ ভারি

এক চড়ে প্রাণ ছাড়ি।

বিনা দোষে কয়েদখানা

এই গ্রামে ঢুকতে মানা

রাস্তা কেটে দিচ্ছে হানা

ঢাকা মুখ,যায় না চেনা।

কেউ বলে হাম বড়ো

কেউ বলে মাও ছাড়ো।

শহর থেকে আসে লোক

রাতের বেলা জ্বলে চোখ।

লাসের ওপর আন্দোলন

ভুমি রক্ষায় সরব হন।

বিরোধীতায় মৃত্যুবরণ

ধরতে হবে তার চরণ।

নইলে গ্রাম ছাড়তে হবে

মানবে যারা তারাই রবে।

মরবে অমিত মরবে শিখা

এসব নাকি চোখে দেখা।

মুখ খোলেনি নন্দী কাকা

সব মরেছে এখন একা।

এখনো তারা তাদের ঘরে

ভয়ে ভয়ে ছাণ্ডা ধরে।

বদলে গেছে তাদের নেতা

লাল হলুদে গোটায় হাতা

আগের দলে প্রচুর চোর

এই দল আনবে ভোর।

কি হলো কেন হলো?

কোনটা যে ছিল ভালো?

টিভির পর্দায় পোড়া লাশ

একেই তো ভোটের মাস।

ভুয়ো বসন্তে মাখামাখি 

চোখের সামনে লাঠালাঠি 

গ্রাম যেন কাকের বাসা

অপেক্ষা শুধু ঝড় আসা।

নীড়হীনা পাখির মতো

গাঁয়ের সোজা মানুষ যতো।

কারা যেন কড়া নাড়ে

দিনরাত্রী হুঁকার ছাড়ে।

ঝাণ্ডা হাতে চলে আয়

সামনে নেতা খালি পায়।

সুখ শান্তি গুহায় ভরা

খালি হাতে যায় না ধরা।

কার কাছে হাত নাড়ো?

খালি পেটে ঝাণ্ডা গাড়ো।

ভাবতে বসে আদিগন্ত

কবে আসবি ওরে বসন্ত

এখনো মানুষ  আক্রান্ত 

এখনো মানুষ  বিভ্রান্ত।।


Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল