সুন্দরের নেশা

 ।।সুন্দরের নেশা।।

  দেবপ্রসাদ জানা


বাতায়নে বিষাদিনী,অমৃত বর্ষণে

অবোধ্য পতঙ্গ সম,পুষ্প পদ তলে

অকারণে দিশেহারা,অমিয় বচনে।

আকাঙ্ক্ষিত প্রেমহীন,বৃন্তচ্যুত হলে।


কামার্ত নিঃশ্বাসে ফুল,উন্মাদ উন্মুখ 

মধু লাগি পতঙ্গের,কুঁড়ি ফুল খোঁজা

প্রণত রোদ্দুরে ফুলে,হাসিহাসি মুখ।

ফুলের সৌন্দর্য দেখে,মেরুদন্ড সোজা।


ফুলের মুকুল খুঁজে,পতঙ্গ বিলাপ

সদাই পরাগ মেখে,ফুলে যাতায়াত

ফুল বলে পতঙ্গের গায়ে কেন তাপ

মধু লোভে পতঙ্গের,নিদ্রাহীন রাত।


পতঙ্গের এত নেশা জাগিল কেমনে?

সুন্দরের নেশা লেগে,গেছে তার মনে


Comments