আবর্জনা
১
আবর্জনা
দেবপ্রসাদ জানা
নর্দমার ধারে মুখ থুবড়ে পড়ে আছে
অচল জীর্ণ নিঃসাড় সবুজ তৃণ তার ওপরে
জোড়াফুল।
আত্মনিহত মৃতদেহ
পৃথিবীর বাতাসে আর স্থান নেই।
গন্ধকের বাষ্পে ভরে গেছে নীল সাদা বাক্সটা
উদ্ধত অহংকারে
পনের বছর ধরে শত ছিদ্র বায়ুমণ্ডলের ফাঁক দিয়ে
হারিয়ে গেছে মা মাটি মানুষ।
পোড়ামাটির এই দেশে একটা ঘাস অবধি জন্মায়নি।
ক্ষুদে উদ্ভিদ তৃণ ঘাসের মূল যে এত গভীরে,
সময় কিছুতেই কাউকেই বড্ড বেশি মাথায় তোলে না।
চোর চোর বললেও কিছু এসে যায় না
ক্ষমতার অহংকার স্বচক্ষে দেখা
অঙ্গ-প্রত্যঙ্গ যেখানে পচে গোলে গেছে
নাভিশ্বাস উঠেছে, অম্বল
হারিয়ে গেছে নদীর উজান
তবু আক্রোশ, রুক্ষতা অন্যটি নারী, তার চোখেমুখে অটুট স্বর্ণলতা।
২
পরমলগ্ন
এ শব্দ কিসের?
বলতে পারেন? তাহলে বলুন।
না, না। না পারলে লজ্জার কিছু নেই।
শুধু একটু ভাবুন। চোখ বুজে ভাবুন।...
কি বুঝলেন?
ইতিহাস হাসছে, বিকৃত মুখ করে -
বর্তমানের দিকে তাকিয়ে হাসছে।
উত্তর পেয়ে কেমন লাগছে?
পাগল মনে হচ্ছে তো?
স্বীকার করতেই হয়-
আপনার আই কিউ, শ্রবণশক্তি দুটোই
মেধাতালিকার শীর্ষে থাকার যোগ্য নয়।
সরি। আমি বোধহয় একটু বেশি কথা বলে ফেলছি।
আপনি নিশ্চয় 'বোর' ফিল করছেন ?
বলুন এই শব্দ সম্বন্ধে আপনার নিজস্ব ভাবনাটা বলুন।
কি বললেন? বলবেন না? শুনবেন শুধু? বেশ। বেশ।
শুনুন তাহলে ।
আজকাল তো শ্রোতার বড় অভাব।
তাই বড় ভালো লাগল।
এখনও এমন কেউ আছেন যিনি শুনতে চান।
বলতে চান না।
এই দেখুন না, আমাকে দেখুন।
আমি কেমন শুধু আমার কথাটা বলবার জন্য-
আপনাকে বিরক্ত করছি।
একবারও ভাবছি না -
আপনার শোনার সময়, ধৈর্য, মানসিক প্রস্তুতি,
আছে কি না, কিছু মনে করবেন না।
আমার স্বভাবটাই এরকম।
আর সেই জন্য দু-একজন,
এই আপনার মতো মানুষকে কাছে পেলেই-
আপনি ধৈর্য হারাচ্ছেন না তো?
৩
অবিনশ্বর
কত প্রজন্ম উন্মুখ,
তোমার অত্যাশ্চর্য' অনন্যতায়।
কত প্রজন্ম সহস্র বছর ঘুমের স্তব্ধতায়,
আকাঙ্ক্ষিত, শাশ্বত তারা হবার জন্য -
ক্লান্তিহীন পথিকের পরিশ্রম।
কত প্রজন্ম উপেক্ষায় স্তব্ধ,
তোমাকে জানার আগেই হারিয়ে যায়।
জন্মের সঙ্গে মৃত্যুর সমান্তরাল যাত্রা।
জন্মের পর জন্ম পেরিয়ে নবজন্মের উঠোনে,
মাটি ও ধূলিকণায়, ঘাসে, সংলাপে, ঘুমে...
এই ঘুম, ফুলের। এই ঘুম প্রকৃতির।
ব্রহ্মা রচিত মৃন্ময় পৃথিবীর কিছুই শাশ্বত নয়,
কালে, কালের কল্লোলে,
সবই প্রথাগত অনিশ্চিত বেঁচে থাকা!
তুমি ধরে রাখবে না তোমার জীবন,
কেউ একজন একদিন জীবনটাকে,
জোর করে টেনে নিয়ে যাবে,
তুমি শুধু দেখবে-
এই একটাই প্রাণ, জীবন, তন্ময় নারীর খোঁজ করে,
ভালোবাসে, মরে।
তুমি বা তোমার কেউ মৃত্যুর পরের কথা-
জানতেও পারবে না।
মৃত্যুর পর তোমাদের প্রজন্ম, তোমার কথা বলবে না।
চলমান জীবনবোধের কথা, জন্মের পর জন্ম পেরিয়ে
মৃত্যুর পরে চিহ্নহীন হবে।
একটাই চাঁদ তিথির গহ্বরে ঘুমায়,
জেগে থাকে একটাই সূর্য,
উত্তাপ ও আলো দেয়, জীবন।
একটাই জীবন শতশত রূপে,
আলোকিত, আন্দোলিত হয়।
Comments
Post a Comment