আয়না

আয়না
দেবপ্রসাদ জানা

আয়না তুমি “কাঁদছো?”
কেন কাঁদছো? কই আমি তো কাঁদছি না।
তোমার কণ্ঠ জুড়ে ভাঙা সুর -
তোমার হাতের চিঠিটা আমি পড়েছি, 
ভালোবাসার ইতিহাসে যে সব চিঠি আসে 
তা এমনই হয়, 
মনটা অদ্ভুতভাবে হারিয়ে গেল। 
“বলতে পারো, কি হয়েছে তোমার?”
একটা ভরসা,  নিঃশব্দে হারিয়ে গেলে
ব্যথা পাওয়ার কি আছে?
একটু চুপ থেকে ভাবো 
“বাড়ির কথা মনে পড়ছে তোমার?
তোমার মা তোমার বাবা কত কষ্ট করে 
এখানে পাঠিয়েছে, কত ভরসা নিয়ে
একটা মেয়ে তোমার জীবনে সব?
কেঁদোনা আয়না, ও তোমার যোগ্য নয়,
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে?
আমি অবাক হচ্ছি -
মাত্র সাত মাসের হোয়াটস অ্যাপ
নন্দন চত্বরে ক দিনের স্পর্শ
উষ্ণতার দেয়া নেয়া, 
হালকা ওষ্ঠের ছোঁয়া, জীবন বদলে দিলে?
একটু হালকা হাসি, “চাইলেই কি পাওয়া যায় না? 
তুমি তো স্বাধীন।”
এক মিনিটে বিশ্ব ঘুরতে পারো
ঘুরে আসো, জগৎ তোমার অধীনে।
কি হতভম্ব হয়ে তাকিয়ে আছো?
“তোমার প্রেমিকা তোমার ছিল না, 
সে তো অন্যের ঘরের ঘরণী।
তোমাকে বিক্রি করে, তার ভিত মজবুত করেছে,
কেন কাঁদছো আয়না?
বরং এত দিন যে কারাগারে ছিল -
মুক্তি পেয়েছ।
কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠল?
“সত্যি?” বলি হারি তোমার
সাত মাস আগে ওকে ভালোবেসে,
বাড়িতে অশান্তি, কত কষ্ট দিয়ে ছিলে বলোতো?
দুইদিন একসাথে থাকার পরই 
প্রেম হারিয়ে গেলো?


Comments