রজনীগন্ধা

 রজনীগন্ধা


একবার রজনীগন্ধা ফুল নিয়ে গেছিলাম

তোমার কাছে,ভালোবেসে তোমায় দেবো।

তুমি বলেছিলে,আজ কি আমার মৃত্যুদিন?

তোমার নিভৃত সংলাপে কালো মেঘ ঘনীভূত হয়।

আমি হারিয়ে ফেলি আমার আমাকে।

ধূসর পোশাকে এতটাই উদাসীন থাকি আমি,

কোন বর্ণময় ফুলের গন্ধ-

আমার মলিনত্বক ভেদ করতে চায় না।

রজনীগন্ধা প্রেমের প্রতীক নয়।

লাল গোলাপ-

ওই লাল গোলাপের লাল রঙ, 

আমি দেখিনি,বুঝিনি কখনো।

একদিন-প্রচ্ছন্ন আড়ালে গোলাপের 

একটা কাঁটা বিঁধেছিল বুকে,

এক ফোঁটা রক্ত গোলাপের ঠোঁটে লাগিয়ে,

তোমাকে দিয়েছিলেম ভালোবেসে। 

আমার বুকের রক্তে লাল ওই গোলাপ,

তোমার ঠোঁট ছুঁয়ে গেছে একদিন।

তোমার হৃদয়ে জ্যোৎস্না ভরে দিয়েছি কতদিন।

কত রজনী কাটিয়েছি তোমাকে বুকে বেঁধে,

কত রজনী হাত ধরে,নদীর কুলে হেঁটেছি।

আর ভালোবেসেছি।

কত রজনীগন্ধার মালা তোমার গলায় দিয়ে,

হেমন্তের চাঁদ দেখেছি,সাগরের তীরে,

দেখেছি একবিন্দু আলোর সাঁতার কাটা।

আজ সেই রজনীগন্ধাই এনেছো আমার,

শেষ যাত্রার দিনে।



Comments