স্বর্গ সভা

স্থান— স্বর্গসভা।
কালভৈরব, যমরাজ ও যুধিষ্ঠির বসিয়া আছেন।

নারদ—
নারায়ণ! নারায়ণ! প্রভু, মর্ত্য হইতে এমন খবর আনিয়াছি—শুনিলে আপনারও ভ্রূদ্বয় নাচিয়া উঠিবে!

কালভৈরব—
উপহাস না করিয়া বলিয়া ফেল।

নারদ—
এক মহা সনাতনী নেত্রী রবীন্দ্র সরোবর হইতে কুকুর তাড়াইবার হুমকি দিয়াছেন!

যমরাজ—
কেন? কি হইল?

নারদ—
 কুকুর কেন পটি করিবে—ইহাতেই উনি চটিয়াছেন!

কালভৈরব— 
তোমার কথা আমি ঠিক বুঝিতে পারিলাম না। মহা সনাতনী নেত্রী কি পটি না করিয়াই বাঁচিয়া রহিয়াছেন?

নারদ— 
সে খবর যমরাজই জানেন! আপাতত সরোবরের চারিধার পটিমুক্ত করিবার চিন্তা। ভবিষ্যতে রাস্তাঘাটও তালিকায় আসিতে পারে!

কালভৈরব—
 আমার বাহন লইয়া এইরূপ অবজ্ঞা?
আমার বাহনের অপরাধ—পটি?

নারদ— 
হাঁ প্রভু। মনুষ্যকুল প্লাস্টিক, বোতল, আবর্জনা ফেলিলে উহা পরিষ্কার করিয়া লইতে পারিবেন। কিন্তু, কুকুর পটি করিলেই উনি বেজায় রাগ করেন!

যুধিষ্ঠির—
আমি তো স্বর্গের দরজায়ও কুকুরটিকে ত্যাগ করি নাই। আর মর্ত্যে কুকুরের পটি দেখিয়াই ধর্মের ধ্বজাধারীদের এত রাগ!

কালভৈরব— 
ইহারা আমার বাহনকে তাড়াইয়া সনাতন ধর্ম রক্ষা করিবে?

নারদ— 
শাস্ত্রে হয়তো নতুন অধ্যায় যোগ হইবে—“পটিবিরোধী সনাতনবাদ”!

কালভৈরব—
তাঁহাকে বলিয়া দাও—আমার বাহনকে তাড়াইবার আগে অন্তত একবার আমার নামটা ChatGPT-র কাছ হইতে জানিয়া লউক!

নারদ— 
প্রভু, আপনার বাহনগুলোর এমনিতেই খুব কষ্ট। খাবারের ব্যবস্থা নাই, নির্বীজকরণের ব্যবস্থা নাই— তাহার উপর এই ‘পটি-মুক্ত ধর্মরক্ষা অভিযান’!

কালভৈরব—
 নারদ! আমার ধৈর্য শেষ!

নারদ—
প্রভু?

কালভৈরব— 
উহাদের জানাইয়া দাও,
আমার অভিশাপের প্রয়োজন হইবে না।
আমার অবলা বাহনগুলির চোখের জলই যথেষ্ট।

যাহারা অবলা প্রাণীর কষ্ট বাড়াইয়া ধর্মের বড়াই করে,
তাহাদের ধর্মের আসল পরিচয় মানুষ দ্রুত বুঝিয়া লইবে।

যমরাজ—
উহারা আপনার অভিশাপেরও যোগ্য নহে। 
—উহাদের প্রতিটি কর্মের হিসাব তো আমি রাখিতেছি!

কালভৈরব— 
যথার্থ বলিয়াছেন, যমরাজ।

আমার সন্তানবৎ বাহন লইয়া ছেলেখেলা করিলে ধর্ম সইবে না। 
ধর্মের নামে ভণ্ডামির যে দাগ,
কোন সরোবরের জলেই তাহা ধোয়া যাইবে না!

নারদ—
নারায়ণ! নারায়ণ!

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র