দুটি কবিতা
১ ভাঙন
ভাঙছে দোকান ভাঙছে ঘর
জবর দখল উঠল শেষে।
বুলডোজারের বৈশাখী ঝড়
উড়িয়ে দিলো শান্ত বেশে।
সীমান্তে আজ পড়ল বেড়া
প্রতিবাদী গুপ্তচর।
প্রতিবেশী দিশেহারা
ভাঙলো বুঝি গুপ্তগড়।
চারদিকে তার গেরুয়া ঘেরা
ডিপ সবুজের চক্র শেষ।
দলে দলে সীমান্তে ভিড়
সুস্থ হবে এবার দেশ।
অনুপ্রেরণায় অনুপ্রবেশ
এবার বুঝি হলো শেষ।
কাঁটা তারের দেওয়াল তুলে
স্বচ্ছ হবে এবার দেশ।
বাংলা ভাষার নামে যারা
রব তুলেছে বাংলা জয়।
মুঠোবন্দি করার আশায়
শব্দ আজ পাচ্ছে ভয়।
২ খেলা
শব্দের পিঠে শব্দ জুড়ে
দিন রাত্রি ঘুরে ঘুরে
ঘোড়া ঘোড়া খেলা।
লাগাম ছাড়া সখের ঘোড়া
ছুটে ছুটে হলো সারা
ফিরল সন্ধ্যাবেলা।
গত জন্মের ভাব-আড়ি
খেলার শেষে ফিরল বাড়ি
কাব্যের একহাত।
ঘনিষ্ঠরা কাঁধ ছুঁয়ে
স্পষ্ট ভাবে দিল কয়ে
জুটবে নাকো ভাত।
আড়ালে-আবডালে সব
চুপি চুপি করে রব
কাব্যের প্লাবনে।
ঝলমল ওই রাতের তারা
আকাশে মেঘ লাগাম ছাড়া।
শব্দের আগুনে।
দু'চোখের গভীরে কাব্য
তিলে তিলে বাড়ে দ্রব্য
কলমের জঠরে।
কল্পনায় আকাশ ছোঁয়া
নবজাতকের কান্না ধোয়া।
কাজল কাব্য করে।
কোন্ সুদূরে বেজে ওঠে
মঙ্গল ধ্বনি ছুটল মাঠে।
ভীষণ তপস্যায়।
বন্দি জাতক উল্লাসে
কারাগারে দিন হাসে
গোধূলি সন্ধ্যায়।
Comments
Post a Comment