বন্ধুকের নল

বন্ধুকের নল
দেবপ্রসাদ জানা

কার অশ্রুজলে, ঘামে, রক্তে 
ভিজে পিচ্ছিল হয়ে গেল পথ-
তুমি মিথ্যার এভারেস্ট এ বসে আছো
দলাদলি হানাহানি, বোমার বিস্ফোরণে
তোমার ভাষা হয়ে গেছে বিকৃত।
খনির খনিজগুলো এখনো পড়ে আছে, 
বাতাসে তার বিষ উড়ছে।
মাঠের গভীর থেকে কান্না উঠে আসে।
কারখানায় কারখানায় লড়াই
শ্রমিকের বিরুদ্ধে শ্রমিকের।
চাষীর বিরুদ্ধে চাষী।
এক বৃহৎ একান্নবর্তি পরিবার, 
চিড় খেয়ে চৌচির...কার অপরাধে?
কোন অদৃশ্য শত্রু এই বিষ ফেনিয়ে তুলছে?
ওহে শুভ্রবসনা কার নামে শপথ নেবে?
ইতিহাস হেরে গেছে, মহাভারত হেরে গেছে।
যে কূটনৈতিক হাসি, 
তোমার মুখমণ্ডলে লুকিয়ে আছে,
সব চুরমার ক'রে দাও চিরদিনের মতো।
পাগলাগারদ ঘেঁষা অপরিণত মস্তিষ্কের
বুলিতে -বিপ্লবের পথ ভগ্নস্তূপে ভ'রে গেছে
অস্ত্র নাও ঐক্যের, 
অস্ত্র নাও আধুনিকতম বিপ্লবের।
বন্দুকের নল ঘুরিয়ে দাও, 
তোমার আসল শত্রুর দিকে-
নিত্যনতুন রূপকথার গুঞ্জনে কান পাতা দায়,
গৃহস্থের ঘর থেকে মৃতদেহ চলে গেল।
নীল জোছনায় মৃত্যুর স্বপ্ন বাসা বাঁধে মনে।
এই বাঘবন্দী খেলা আর কতদিন?
এই যন্ত্রণা এই শব্দহীন সমুদ্র তরঙ্গে
আত্মহননের চিন্তা, এ-পথ তোমার নয়।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা