ভালো বাসা

ভালোবাসা ছিল যত-
মন জুড়ে গভীরতা শত,
ছিল ব্যথা ভরা ক্ষতের পাতায় ছাওয়া ঘর।
মমতা-শুশ্রুষায় জেগে ছিল রাত।
বাতাসেরা চুপ করে দাঁড়িয়ে ছিল-
অন্ধকারময় কূপে।
মুহূর্তেরা পালিয়ে যাচ্ছিল 
সময়ের ফাঁকে ফাঁকে। 
অগোচরে যন্ত্রণা গুলো জোছনার মত-
শত ছিন্ন পাতায় ছাওয়া ঘরের ভিতরে
উঁকি মারছিল।
তখন তুমি এলে আমার জন্মদিনে।
শরীর ক্ষয়িষ্ণু আবহে, রাখা বিষাক্ত কলহে। 
তুমি দাঁড়িয়ে আছো দূরে 
কল্পসুখে মগ্ন, অশ্রু সারে ভগ্ন। 
বিরহিত ত্রস্ত, বর্ষা আভরণে ব্যস্ত। 
অলস নিভৃত কোণে-
হতোদ্যম প্রতিচ্ছবি দৃশ্যমান 
কৌতুক সাজায়। 
আমি বললাম এসেছ?
কি এনেছ? বাতাস? 
দিও না, আমার তাকে রাখা, 
ভাঙা প্রদীপের আলো নিভে যাবে।
আকাশ আনো যদি, চাঁদের সাথে-
রেখে যেও বারান্দায়।
গোলাপের ফুল যদি এনে থাকো
কাঁটা গুলি রেখো না লুকিয়ে।
আমার হৃদয় পানা বেলুন গুলি ফেটে যাবে।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র